অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘ভাষা পথযাত্রা’ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘ভাষা পথযাত্রা’ অনুষ্ঠিত

স্বদেশ বার্তা ডেস্ক রিপোর্ট | 23 Feb 2020

মহান ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্দোলন (আইএমএলএম) ইনক’-এর আয়োজনে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় রবিবার, ২৩ ফেব্রুয়ারী ‘ভাষা পথযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। এ ভাষা পথযাত্রায় ক্যানবেরায় অবস্থানরত বাঙালিসহ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ভাষাভাষী মানুষ অংশগ্রহণ করেন।

ভাষা পথযাত্রায় বাংলাদেশের হাই কমিশনার সুফিউর রহমান, অস্ট্রেলিয়ার এসিটি রাজ্যের বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী ক্রিস্টোফার স্টিল, ‘স্বদেশ বার্তা’ পত্রিকার নির্বাহী সম্পাদক আইজিদ আরাফাত অরূপ, আন্তর্জাতিক মাতৃভাষা আন্দোলন (আইএমএলএম) ইনক-এর সভাপতি জিয়াউল হক বাবলুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। যেখানে বাংলাদেশের ভাষা আন্দোলনে সকল শহীদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ‘ভাষা পথযাত্রা’টি মেরি-গো-রাউন্ডের কাছে শুরু হয়ে গ্লিব পার্কে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিউর-জব্বার আরও কত নাম না-জানা সব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।