সোমবার থেকে চীনের সাথে বাণিজ্য স্বাভাবিক হয়ে উঠবে : এফবিসিসিআই

সোমবার থেকে চীনের সাথে বাণিজ্য স্বাভাবিক হয়ে উঠবে : এফবিসিসিআই

স্বদেশ বার্তা ডেস্ক রিপোর্ট | 22 Feb 2020

আগামী সোমবার থেকে চীনের সাথে বাণিজ্য স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম।

আজ শনিবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা চীন থেকে বিভিন্ন খাতে, বিশেষ করে আরএমজি এবং ইলেকট্রনিক্সের সর্বাধিক কাঁচামাল আমদানি করি কিন্তু করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরে গত এক মাসের মধ্যে আমাদের বাণিজ্য বিশাল ধাক্কা খেয়েছে। চীনা রপ্তানিকারকরা জানিয়েছেন ২৪ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিকতায় ফিরে আসবে।

এফবিসিসিআই সভাপতি জানান, ২০১৮-'১৯ অর্থবছরে চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে আমদানি বাণিজ্য ছিল ১৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং রপ্তানি বাণিজ্যের পরিমাণ ৮৩১ মিলিয়ন ডলার।

তিনি বলেন, বাংলাদেশ ওভেন খাতের ৬০ শতাংশ এবং আরএমজির নিট খাতের ১৫-২০ শতাংশ কাঁচামাল চীন থেকে আমদানি করে। গত এক মাসে আমাদের অর্থনীতির প্রায় ৮০ শতাংশ ভ্যালু চেইন বন্ধ হয়ে গেছে এবং ভাইরাস সংক্রমণের পরে শিপমেন্ট খুব সীমিত হয়েছে।

এফবিসিসিআই প্রধান আরও জানান, চলতি বছরের জানুয়ারিতে চীন থেকে ৬.৭২ লাখ টন পণ্য এসেছে। ২০১৫ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ৮.৫১ লাখ টন।

ফাহিম বলেন, তারা এ বিষয়ে ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য ব্যবসায়িক গোষ্ঠীর সাথে যোগাযোগ করছেন।